মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারও নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রকে ‘ভয়ংকর’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন টাইটানিক, অ্যাভাটারের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা জেমস ক্যামেরন। নিরাপত্তার কথা ভেবে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করতে চলেছেন।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এটাকে ভীতিকর মনে করি। যুক্তরাষ্ট্র যদি তার ঐতিহ্যগত মূল্যবোধের পক্ষে না দাঁড়ায়, তবে সেটা সত্যি খারাপ কিছু নিয়ে আসতে যাচ্ছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যা কিছু ঠিক ছিল তার উল্টোদিকে মোড় ঘুরছে। ঐতিহাসিক দিক থেকে যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে যে আদর্শের ওপর দাঁড়িয়ে আছে তার পক্ষে না থাকাটাও মার্কিন নাগরিকরা মেনে নিতে পারে না। এটা পুরোটাই ফাঁপা একটি নীতি।
ট্রাম্প প্রশাসনের নীতির কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্যামেরন বলেন, আমি জানি না এখানে থাকলে আমি কতটা নিরাপদ বোধ করব। তবে অন্তত প্রতিদিন প্রথম পৃষ্ঠায় সেই খবর দেখতে হবে না। এটা বিরক্তিকর হয়ে গেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো অন্তত এটা তৃতীয় পাতায় রাখে। আমি ট্রাম্পের মুখ দেখতে চাই না।
ক্যামেরন জানান, তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব শিগগির নিশ্চিত হতে চলেছে।
তিনি বলেন, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি এর জন্য পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি। যদি আপনি একটি নতুন দেশে স্থায়ী হতে চান, তবে আপনাকে সেখানে বিনিয়োগ করতে হবে, সমাজের অংশ হতে হবে, এবং নিজের অবস্থান তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, কানাডায় বড় হওয়ায় আমি এখানে অনেক মিল খুঁজে পাই। এখানে মানুষের প্রতি পারস্পরিক সম্মান আছে, যা আমি আমার সন্তানদের শেখাতে চেয়েছি।
মেহেদী/