এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। এটি অবশ্য পুরনো খবর। তবে নতুন খবর হলো, সিনেমাটি এবার বিশ্বব্যাপী মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে দেশে মুক্তির পর আগামী ২৫ এপ্রিল দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সিনেমাটি।
নির্মাতা এম রাহিম পরিচালিত ‘জংলি’-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। তার সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটি প্রযোজনা করেছে দ্য অভি কথাচিত্র। আর দেশের বাইরে সিনেমাটির পরিবেশক হিসেবে থাকবে বঙ্গজ, স্কেয়ারক্রো, রিভেরিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
গত সোমবার জংলি সিনেমার নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে দেশের বাইরে ছবিটি মুক্তির বিষয়ে জানানো হয়। এ প্রসঙ্গে ‘দ্য অভি কথাচিত্র’-র কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, কাতার, ওমান এবং বাহরাইনে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।’
ইতোমধ্যে ‘জনম জনম’ শিরোনামে ছবিটির একটি গান প্রকাশ করা হয়েছে। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। তার আগে সিনেমার প্রি-টিজার এবং টিজারও মুক্তি দেয়া হয়েছিল।
উল্লেখ্য, সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অভিনেতা সিয়াম আহমেদকে। চরিত্রের প্রয়োজনে প্রায় সাত মাস চুল-দাড়ি না কেটে ছিলেন তিনি যেন পর্দায় চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। সিনেমা নিয়ে নির্মাতা এম রাহিম জানান, তার বিশ্বাস জংলি সকল দর্শকদের মন জয় করবে।
/শাকিল