বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন প্লেব্যাক থেকে। বিরতি কাটিয়ে ফেরার পর করেছেন হাতেগোনা কিছু কাজ। তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন আসিফ আকবর।
আলোক হাসানের পরিচালনায় বহুল আলোচিত টগর সিনেমার টাইটেল গানে মিলবে পুরোনো সেই আসিফ আকবরের কণ্ঠ। আর সিনেমার টাইটেল গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই সিনেমার উঠতি তারকা আদর আজাদ। ‘হবেরে খেলা, কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’ এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর-সংগীত করেছেন আয়ুষ দাস।
গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার ওপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক-পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেই তো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’
‘টগর’ সিনেমায় আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
/শাকিল