‘দ্য গ্রিজলিজ’ এবং ‘ট্রিকস্টার’-এর মতো সিনেমার জন্য পরিচিত অভিনেত্রী আনা ল্যাম্বে। এবার তিনি হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। আসন্ন ‘হার্ট অফ দ্য বিস্ট’-এ পিটের সহশিল্পী হিসেবে কাজ করবেন এ অভিনেত্রী। বিনোদন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার অনুসারে, ডেভিড আয়ার পরিচালিত এই সিনেমায় জে.কে. সিমন্সও অভিনয় করছেন।
প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এ ছবিটি সেনাবাহিনীর বিশেষ এক ইউনিটের প্রাক্তন সৈনিক (ব্র্যাড পিট) এবং তার অবসরপ্রাপ্ত যুদ্ধ কুকুরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আলাস্কার জঙ্গলে বিমান দুর্ঘটনার পর বেঁচে থাকার জন্য তাদের লড়াইয়ের গল্প ছবিটিতে দেখানো হবে। তবে ছবিতে আনা ল্যাম্বের চরিত্রটি কেমন সেটা এখনও প্রকাশ করা হয়নি। ছবিটির মুক্তির তারিখও এখন পর্যন্ত চূড়ান্ত নয়।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ক্যামেরন আলেকজান্ডার আর প্রযোজনা করেছেন ড্যামিয়েন শ্যাজেল এবং অলিভিয়া হ্যামিল্টনের প্রযোজনা সংস্থা ওয়াইল্ড চিকেন প্রোডাকশন। উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে এক দশক পর আবারও পরিচালক ডেভিড আয়ারের সিনেমায় কাজ করছেন ব্র্যাড পিট। এর আগে ২০১৪ সালে বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘ফিউরি’-তে একসঙ্গে কাজ করেছিলেন তারা।
/শাকিল