নিয়মিত নাট্যচর্চার লক্ষ্যে গঠিত হয়েছে ‘কনটেম্পোরারি থিয়েটার আর্টস’। সমসাময়িক মনোবিষয়ক নিয়ে দলটি মঞ্চে এনেছে নাটক ‘অন্তসঙ্গ’। ছুটির দিনে অর্থাৎ আজ ১১ এপ্রিল এবং ১8 এপ্রিল নাটকের দুটি প্রদর্শনী করবে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং ১8 এপ্রিল স্টুডিও থিয়েটার হলে প্রদর্শনী দুটি হবে। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম।
নাটকটির গল্প একটি নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে সে খুঁজে ফেরে তার আপন মানুষকে। নাটকের নীল চরিত্রে অভিনয় করেন মাহবুব আলম এবং আরাধ্য চরিত্রে নুসরাত নিশু। নাটকে বেশ কয়েকটি চরিত্রের খোঁজ পাওয়া গেলেও মূলত তারা দুজনেই পুরো নাটকে সবগুলো চরিত্রে অভিনয় করেন।
আলোক নির্দেশনা অম্লান বিশ্বাস, আবহ, সুর ও সংগীত পাটু ইসমাইল, কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, পোশাক পরিকল্পনা কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, রূপসজ্জা শুভাশীষ দত্ত তন্ময়, মঞ্চ পরিকল্পনা ও পোস্টার ডিজাইন সাকিল সিদ্ধার্থ, প্রপস ডিজাইন আবির সায়েম, গানের কথা মাহবুব আলম, গানের কণ্ঠ পাটু ইসমাইল, লিঠু রানী মণ্ডল, শেঁউতি শাহগুফতা।
নাট্যকার নির্দেশক মাহবুব আলম বলেন, ‘শিল্প তাই- যা মনকে দোলা দেয়, ভাবতে বাধ্য করে। দৃশ্যমান এক কাব্যের নাম যদি থিয়েটার হয়, তা হলে তা চোখের আরাম জোগায় বলেই বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকেই নাট্য নির্মাণের ক্ষেত্রে চোখের আরামকে প্রশ্রয় দিয়েছি।
অন্তসঙ্গ নাটককে একটি সুতোয় গাঁথতে গিয়ে সেই পথেই হেঁটেছি। ছকে বাঁধা কোনো নিয়মের মধ্যে থেকে নির্মাণের পথকে অবরুদ্ধ করার বিপক্ষ মানসিকতায় শুধু পাণ্ডুলিপির মূল বক্তব্যকে দর্শকের সামনে সহজ-সরলভাবে উপস্থাপনই এই নাট্য নির্মাণের প্রধানতম উদ্দেশ্য। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
/শাকিল


.jpg)