কান চলচ্চিত্র উৎসব ও কেরিং যৌথভাবে ঘোষণা করেছে যে অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান এ বছরের ‘উইমেন ইন মোশন’ অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন। এই অ্যাওয়ার্ডটি মূলত চলচ্চিত্রশিল্পে নারীদের ভূমিকা ও অবদানের স্বীকৃতি দিতে প্রতিষ্ঠা করা হয়েছিল। কান কর্তৃপক্ষ এই সম্মাননাটি দশমবারের মতো আয়োজন করতে যাচ্ছে।
দ্য হলিউড রিপোর্টার নিশ্চিত করেছে যে, আগামী ১৮ মে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে কিডম্যানের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। এ হলিউড তারকাকে ‘উইমেন ইন মোশন’ অ্যাওয়ার্ডে সম্মাননার জন্য বেছে নেওয়ার মূল কারণ নারী পরিচালকদের সঙ্গে তার কাজ করার প্রতিশ্রুতি।

২০১৭ সালে অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন যে, তিনি প্রতি ১৮ মাস অন্তর একজন নারী পরিচালকের সঙ্গে কাজ করবেন। তবে এখন পর্যন্ত প্রায় ২০ জন নারী নির্মাতার সঙ্গে কাজ করে নিজের করা অঙ্গীকার অনেকটাই ছাড়িয়ে গেছেন তিনি। সিনেমায় নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তার এই উদ্যোগ ‘উইমেন ইন মোশন’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।
এ প্রসঙ্গে কেরিংয়ের চেয়ারম্যান ও সিইও ফ্রাঁসোয়া-হেনরি পিনল্ট বলেন, “নিকোল কিডম্যান তার শৈল্পিক মান, প্রতিশ্রুতিবদ্ধতা এবং সিনেমায় প্রতিনিধিত্ব পরিবর্তনের জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, সেটা ‘উইমেন ইন মোশন’-এর উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।’’

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কিডম্যান এটিকে ‘প্রকৃত সম্মান’ বলে উল্লেখ করেছেন। আর এই অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে তিনি ডোনা ল্যাংলি, জেন ফন্ডা, প্যাটি জেনকিন্স, গিনা ডেভিস, সুসান সারান্ডন, ভায়োলা ডেভিস, মিশেল ইয়োহ এবং সালমা হায়েক পিনল্টের মতো খ্যাতিমান নারীদের সঙ্গে একই তালিকায় যুক্ত হলেন।
অভিনেত্রী বর্তমানে হুলুর জনপ্রিয় সিরিজ ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স’-এর নতুন মৌসুমে অভিনয় ও নির্বাহী প্রযোজনার কাজ করছেন। এ ছাড়াও নিকোল কিডম্যানকে আসন্ন ‘মার্গো’স গট মানি ট্রাবলস’ এবং ‘স্কারপেটা’তেও অভিনয়ে দেখা যাবে।
/শাকিল


.jpg)