ভারতের আহমেদাবাদে গত বৃহস্পতিবার বিকেলে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই বিমানটি মেঘানীনগর এলাকার বিজে মেডিকেল কলেজের আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ২৪১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিমানে মোট যাত্রী ও ক্রু ছিলেন ২৪২ জন।
লন্ডনের উদ্দেশে যাত্রা করা বিমানটি আহমেদাবাদের সরদার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে সেই মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীও প্রাণ হারান। এ ঘটনায় ইতোমধ্যে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করেছে।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যেখানে নামিদামি অনেক বলিউড তারকারাও শোক প্রকাশ করেছেন। ‘দেশি গার্ল’ খ্যাত বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘খুবই দুঃখজনক। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য এবং অকল্পনীয় ক্ষতির সম্মুখীন পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’
ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছেন বলিউড ভাইজান সালমান খান। পরে ইনস্টাগ্রামে শোক জানিয়ে এই অভিনেতা লেখেন, ‘আহমেদাবাদ বিমান দুর্ঘটনার খবর শুনে খুব দুঃখবোধ করছি। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত সবার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’
অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার লিখেছেন, ‘যারা পরিবারের সদস্য বা বন্ধুকে হারিয়েছেন, তাদের সবার প্রতি গভীর সমবেদনা। প্রার্থনা করি, আপনি এই অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করার শক্তি পাবেন।’
এদিকে এ দুর্ঘটনায় ‘টুয়েলভথ ফেইল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি তার এক পারিবারিক বন্ধুকে হারিয়েছেন। বিমানের নিহত ফার্স্ট অফিসার ক্লিভ কুন্দর তার পারিবারিক বন্ধুর ছেলে উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘আমার চাচা ক্লিফোর্ড কুন্দর তার ছেলে ক্লিভ কুন্দরকে হারিয়েছেন, যিনি দুর্ভাগ্যজনকভাবে সেই বিমানে কর্মরত ছিলেন। চাচা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যারা স্বজন হারিয়েছেন, তাদেরও শক্তি দিন।’
এ ছাড়া শাহরুখ খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, আল্লু অর্জুন এবং করণ জোহরের মতো তারকারাও শোক প্রকাশ করেছেন। আহমেদাবাদের সরদার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি।
/এমএস


.jpg)