ফরাসি চলচ্চিত্রের খ্যাতনামা তারকা জুটি ম্যারিয়ন কোতিয়ার ও গুইলাম কানেত। দীর্ঘ ১৮ বছর একত্রে সংসারের পর সম্পর্কের ইতি টানলেন তারা। গত শুক্রবার (২৭ জুন) প্রতিনিধিদের মাধ্যমে দেওয়া যৌথ এক বিবৃতিতে তারা জানান, ‘পারস্পরিক সম্মান ও সম্মতির ভিত্তিতে’ তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘১৮ বছর এক সঙ্গে থাকার পর ম্যারিয়ন কোতিয়ার এবং গুইলাম কানেত পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই নেওয়া হয়েছে।’
২০০৭ সালে সম্পর্ক শুরুর পর থেকেই এ দুই তারকা দীর্ঘদিন এক সঙ্গে ছিলেন। পাশাপাশি একাধিক ছবিতেও কাজ করেছেন এই জুটি। কোতিয়ার ও কানেত এক সঙ্গে ২০১০ সালের জনপ্রিয় ফরাসি কমেডি ‘লেস পেটিটস মাউকোয়ারস’ (লিটল হোয়াইট লাইস) সিনেমায় অভিনয় করেন।
৪৯ বছর বয়সী কোতিয়ার ও ৫২ বছর বয়সী কানেতের সংসারে দুটি সন্তান রয়েছে। দম্পতি এই ঘোষণা দেওয়ার পেছনে ‘জল্পনা, গুজব ও ভুল ব্যাখ্যা’ এড়ানোই তাদের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন।
‘এই বিবৃতির মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে ম্যারিয়ন কোতিয়ার এবং গুইলাম কানেত তাদের ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে সন্তানদের গোপনীয়তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে চান,’ বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য, ম্যারিয়ন কোতিয়ার বিশ্বব্যাপী প্রথম খ্যাতি অর্জন করেন ২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ সিনেমায় অভিনয় করে। ছবিটিতে কিংবদন্তি গায়িকা এডিথ পিয়াফের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সে বছর সেরা অভিনেত্রীর অস্কার জেতেন এ ফরাসি তারকা।
অপরদিকে, গুইলাম কানেত অভিনয়ের পাশাপাশি একজন সফল নির্মাতাও। তিনি ২০০০ সালের ‘দ্য বিচ’ ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।
/এমএস


.jpg)