রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশজুড়ে এই ভয়াবহ দুর্ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে। অভিযোগ রয়েছে—সরকার মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। যদিও সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, কোনো তথ্য গোপন করা হয়নি। তাদের দাবি, সকল তথ্য যাচাই-বাছাই করে যথাসময়ে প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে, কেউ কেউ বলছেন—লাশের সংখ্যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক খেলা।
মাইলস্টোনের দুর্ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো যেন এক অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। টাইমলাইন জুড়ে ছড়িয়ে পড়েছে পোড়া স্কুল ভবনের বীভৎস ছবি, মরদেহের ছবি ও ভিডিও। এতে সামাজিক ও মানসিক অস্থিরতা বাড়ছে।
অন্যদিকে, ইউটিউবার ও টিকটকারদের অনেকেই কনটেন্ট তৈরির লক্ষ্যে ছুটে যাচ্ছেন হাসপাতালে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক মহলেও দেখা দিয়েছে উদ্বেগ।
চিত্রনায়ক ওমর সানী এই প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে লিখেছেন— ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান। আপনাকে আমাকে শুধু ডাকে।’ তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এতে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন।
মুনজুর রহমান নামের একজন মন্তব্য করেন, ‘যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, বন্ধুত্বের সম্পর্ক ভাঙে, দেশের কথা চিন্তা না করে কেবল নিজের দলের স্বার্থ দেখে—সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আর এক শ্রেণির মানুষ তো আছে ভিউ ব্যবসায়ী।’
শাকিব পারভেজ নামের একজন মন্তব্য করেন, ‘রাজনীতিতে জয়ী হওয়ার কৌশলের মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন লাশ। এই লাশের রাজনীতি দিয়েই অনেক রাজনীতিবিদ তাদের অবস্থান পোক্ত করেছেন।’


.jpg)