ডিজনির জনপ্রিয় কমেডি ড্রামা ‘ফ্রিকি ফ্রাইডে’-এর সিকুয়েল নিয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী লিন্ডসে লোহান ও জেমি লি কার্টিস। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমার ২২ বছর পর ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ শিরোনামে এর দ্বিতীয় কিস্তি চলতি বছরের ৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন কানাডিয়ান নির্মাতা নিশা গানত্রা। প্রযোজনায় আছেন অ্যান্ড্রু গান ও ডিজনির প্রাক্তন নির্বাহী ক্রিস্টিন বার, যারা মূল সিনেমাটিতেও কাজ করেছিলেন।
সিকুয়েলে দেখা যাবে, অ্যানা চরিত্রে অভিনয় করা লিন্ডসে লোহান এখন এক কিশোরী কন্যার মা। এখানে এই মেয়ের চরিত্রে আছেন জুলিয়া বাটার্স। অন্যদিকে জেমি লি কার্টিস ফিরছেন অ্যানার মা টেসের চরিত্রে, যাকে বর্তমানে এক প্রাণচঞ্চল দাদির ভূমিকায় দেখা যাবে।
কিন্তু একটি জাদুকরী দুর্ঘটনার মাধ্যমে অ্যানা, তার মেয়ে, সৎকন্যা এবং টেস- এই চার নারী নিজেদের দেহ বদলে ফেলেন, যা একটি বিশৃঙ্খল, হাস্যরসপূর্ণ ও আবেগঘন পরিস্থিতির জন্ম দেয়।
এখন এই ছবির প্রচারের কাজে সময় পার করছেন লোহান ও কার্টিস। তারা বাস্তব জীবনেও ঘনিষ্ঠ বন্ধু। প্রচারণার সময় লোহান বলেন, ‘জেমি আমার জীবনের এমন এক সময়ে পাশে ছিলেন, যখন আমি জনসমক্ষে অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি তার সঙ্গে নিরাপদ বোধ করি এবং সবকিছু শেয়ার করতে পারি।’
কার্টিসও লোহানের প্রতি তার আস্থার কথা জানিয়ে বলেন, ‘আমি জানি, আমি তাকে বিশ্বাস করতে পারি। তার সঙ্গে আমি এমন সব কথা শেয়ার করি যা সবাইকে বলা যায় না। জীবনের কঠিন সময়ে আমরা একে অপরের পাশে ছিলাম, সেই অভিজ্ঞতাগুলো আমাদের গভীরভাবে সংযুক্ত করেছে।’
ছবির নির্মাতা জানান, ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ পুরোনো দর্শকদের সঙ্গে নতুন প্রজন্মের কাছেও একটি মজার ও হৃদয়ছোঁয়া এক অভিজ্ঞতা হিসেবে ধরা দেবে।
/এমএস


.jpg)