জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। অনিকেত পালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন স্মরণ সাহা। আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।
জীবন-জীবিকার তাগিদে নিজের ইচ্ছেপূরণের ইচ্ছায় কিংবা দৃঢ় মনোবল নিয়ে মানুষ যখন নিজের শেকড় ছেড়ে পাড়ি জমায় অন্য কোনো মাটিতে, ‘কাদামাটি’ নাটকে তাদের গল্প বলা হয়েছে।
কাদামাটির মানুষটির চারপাশে যদিও হাজার হাজার মানুষ, তবুও এক সময় বড্ড একা মনে হয় শিকড় ছাড়া মানুষটার। এই এত বড় বড় আলোক ঝলমলে ভবনগুলো যেন গুম করে ফেলছে তাকে, কেউ তাকে দেখছে না। এখানে সবাই তার নিজের মধ্যেই হারিয়ে যেতে চায়।
এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে এক সময় নিজের পরিচয়টা খুঁজে পাওয়া যায় না। কিন্তু নিজের শিকড় যখন গাঁথা হয়ে যায় অন্য মাটিতে, তখন এই শিকড়ের জন্যই ফিরে যাওয়া হয়ে ওঠে না তার নিজের মাটিতে। সময়ের বিবর্তনে মন ফিরে যেতে চায় নিজের শিকড়ের ভূমিতে। সেই কাদামাটিতে, নিজের জন্মভূমিতে।
প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। যে কাদামাটিতে হাঁটি হাঁটি পা পা করে বড় হওয়া সেই কাদামাটির গন্ধ এখনো তার গায়ে লেগে আছে, তাকে ভুলে কীভাবে? কিন্তু বাস্তবতা হলো শিকড়ে আর ফিরে যাওয়া হয়ে ওঠে না তার। এসব ভাবনার গল্পই ফুটে উঠেছে নাটকটিতে।
সেট ও লাইট: পলাশ হেনড্রি সেন, আবহ্ সংগীত : রামিজ রাজু, পোস্টার ডিজাইন: সোয়েব হাসনাত মিতুল, প্রক্ষেপণ: শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা, মঞ্চ ব্যবস্থাপক: বাহারুল ইসলাম বাহার।
/এমএস