আবারও অনাকাঙ্খিত ঘটনার মুখে বলিউড। খুনের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। গতকাল বৃহস্পতিবার ৭ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে আসিফকে খুন করা হয়। এ ঘটনায় এরই মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার করা হয়েছে খুনের সময়ে ব্যবহৃত অস্ত্র।
ঘটনাটি ঘটেছে দিল্লির নিজামুদ্দিন এলাকায়। আসিফের বাড়ির ঠিক সামনেই তারা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তারপর হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পরে তারা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তারপরেই নাকি হুমা কুরেশির ভাইকে হত্যা করেন তারা। আসিফের বয়স হয়েছিল ৪২ বছর।
উল্লেখ্য, আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তার দুই স্ত্রী। গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে এর আগেও আসিফ সমস্যায় জড়িয়েছিলেন বলে জানা গেছে।
বলিউড অভিনেত্রীর ভাই আসিফ কুরেশির এক স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়। আমার স্বামী আসিফ, তাদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তারপরেই আসিফের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।’
হুমকি দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তার ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ প্রথম স্ত্রী শাহিনের।
তিনি বলেছেন, ‘আমি আমার দেওরকে ডেকে পাঠাই। তবে তিনি আসার আগেই আসিফের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল।’
বিষয়টি নিয়ে অভিনেত্রী হুমা কুরেশি এখনও নিশ্চুপ আছেন। তবে অভিনেত্রীর বাবা এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
/এমএস


.jpg)