জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ১২ ভাদ্র, বুধবার আজ ২৭ আগস্ট। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ৮টায় রয়েছে গোলাম মোর্শেদের প্রযোজনায় নজরুলসংগীতের অনুষ্ঠান। নজরুলের গানে মৃত্যুভাবনার আলোকে গানগুলো পরিবেশন করবেন সুমন মজুমদার, শবনম প্রিয়াংকা, মিরাজুল জান্নাত সোনিয়া, স্বরলিপি, আফসানা রুনা ও পূজন কুমার দাস।
ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘আমাদের দুখু মিয়া’ প্রচারিত হবে বেলা ১১টায়। নাজমুল হকের প্রযোজনায় অনুষ্ঠানটিতে থাকছে একক সংগীত, দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, নৃত্য ও নাটিকা। দুপুর আড়াইটায় রয়েছে গীতিনৃত্যানুষ্ঠান ‘বনের বেদে’। বাঁশরী শিল্পচর্চা কেন্দ্রের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।
বেলা সাড়ে ৩টায় থাকছে আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও মুনমুন আহমেদের উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’। বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মাহবুবা জেমিনের প্রযোজনায় নজরুলের কবিতা নিয়ে আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আফরোজা সুলতানার প্রযোজনায় আলেখ্য অনুষ্ঠান। রাত ৯টায় রয়েছে নাটক ‘আলেয়া’। কাজী নজরুল ইসলামের লেখা এ নাটকটির টিভি নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ। মামুন মাহমুদের প্রযোজনায় নাটকে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমা, মনোয়ারসহ অনেকে।
রাত ১০টায় প্রচারিত হবে নজরুলের গান নিয়ে দ্বৈতসংগীত অনুষ্ঠান। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। তানভীর আলম সজীবের সংগীত পরিচালনায় ‘অঞ্জলি লহ মোর’ গানটি গাইবেন ইয়াসমিন মুস্তারি ও তানভীর সজীব, ‘কেন আসিলে ভালোবাসিলে’ গাইবেন সালাউদ্দিন আহমেদ ও প্রিয়াংকা গোপ, ‘তুমি লহো প্রভু আমার’ গাইবেন ফাতেমা তুজ জোহরা ও মাহমুদুল হাসান, ‘কথা কও’ গাইবেন ইয়াকুব আলী খান ও সুকন্যা, ‘মোরা আর জনমে হংসমিথুন’ গাইবেন ড. নাশিদ কামাল ও বিজন চন্দ্র মিস্ত্রি, ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ গাইবেন নোশিন লায়লা ও মোহিত খান। এ ছাড়াও গাইবেন শারমিন সাথী ইসলাম, রেজওয়ানুল ইসলাম, রওশন আরা সোমা, শহীদ কবির পলাশ, রেবেকা সুলতানা, সঞ্জয় কবিরাজ, ছন্দা চক্রবর্তী ও ইমতিয়াজ আহমেদ খান।
কাজী নজরুল ইসলামের স্মরণে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করেছে বিশেষ নাটক ‘জিনের বাদশা’। কালজয়ী এই গল্পের নাট্যরূপ দিয়েছেন কথাসাহিত্যিক ও উপস্থাপক ইকবাল খন্দকার। নির্দেশনা দিয়েছেন শুভ্র আহমেদ। প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দীনা। নাটকটির মূল চরিত্র তথা আল্লারাখা চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টিভি অভিনেতা রামিজ রাজু। আর অন্যান্য চরিত্রে রয়েছেন সামিহা আকতার, হাফিজুর রহমান সুরুজ, সাবিনা রনি, কেএমএইচ পামির, জেরিন রত্না খান, রফিকুল ইসলাম প্রমুখ। নাটকটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হবে আজ রাত ১০টা ২০ মিনিটে।
জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে নানা আয়োজন করেছে চ্যানেল আই। সকালে গান দিয়ে শুরুতে থাকবে নজরুল ইসলামের গান নিয়ে বিশেষ পর্ব। বেলা ১১টা ৩০ মিনিট চ্যানেল আই স্টুডিও থেকে সরসরি সম্প্রচার আমীরুল ইসলামের প্রযোজনায় ‘সরাসরি নজরুল’। অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা গান পরিবেশন করবেন। সঙ্গে থাকবে আবৃত্তি। দুপুর ১টা ০৫ মিনিটে এবং সিনেমার গানে থাকবে নজরুলের চলচ্চিত্রের গান। বিকেল ৩টা ০৫ মিনিটে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ইমন এবং শবনম ফারিয়া জুটির নজরুলবিষয়ক প্রথম টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’।
৬টা ২০ মিনিটে কুয়াকাটা এবং ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত শিল্পী ফেরদৌস আরার একক পরিবেশনা ‘মোরা আর জনমে’ পরিবেশিত হবে। আগামীকাল ২৮ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘নজরুল সাহিত্যে প্রকৃতি’।
/এমএস