হলিউডের আলোচিত তারকা প্রেমিক জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। দীর্ঘদিন প্রেম করার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট-এ বিয়ে করবেন জনপ্রিয় এই জুটি।
খুব গোপনীয়তার সঙ্গে বিয়ের কাজটি সম্পন্ন করতে চাইলেও ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি ঘিরে নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যায়- আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট সব মিলিয়ে এক অন্যরকম আবহের তৈরি হয়েছে।
আয়োজনের গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে অতিথিদের সঠিক ভেন্যু পর্যন্ত জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হবে তাদের নির্ধারিত জায়গায়। এই তারকাদ্বয়ের বিয়েতে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অতিথিদের তালিকায় রয়েছেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট, প্যারিস হিলটন থেকে শুরু করে মার্টিন শর্ট, অ্যাশলে পার্ক এর মতো তারকারা।
/এমএস