বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী জানিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।
সেই হাসপাতাল কর্মী জানান, ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন। চিন্তার কোনো কারণ নেই। অভিনেতার শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন- হৃৎস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০, স্বাভাবিক আছে। কোনো যন্ত্র নয়, স্বাভাবিক ভাবেই হচ্ছে সবকিছু। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ধর্মেন্দ্র নাকি গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি। নিয়মিত পরীক্ষা করাতেই ভর্তি হয়েছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ধর্মেন্দ্রের একটি চোখে অস্ত্রোপচার হয়েছিল। ব্যান্ডেজ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসার একটি ভিডিও সেই সময় ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, তিনি উপস্থিত চিত্রসংবাদিকদের বলছেন, “এখনো আমি শক্তপোক্ত, তরতাজা। ভালো আছি। চোখের কিছু সমস্যা দেখা দিয়েছিল। তাই অস্ত্রোপচার করাতে হলো।”
উল্লেখ্য, সবশেষ এই অভিনেতাকে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা গিয়েছিল। আগামী মাসে নব্বই বছর বয়সে পা দিতে যাওয়া এই অভিনেতা এখনো বলিউডে নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন।
/এমএস