আজ (২ নভেম্বর) জীবনের ৬০ বছরে পদার্পণ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর মধ্যে বলিউডেই কাটিয়ে দিয়েছেন তিন দশকের (৩৩ বছর) বেশি সময়। এতগুলো বছর পেরিয়ে এখনো যেন সেই যুবক বয়সের মতোই ছুটে চলেছেন তিনি। এখনো একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুলে যাচ্ছেন। যদিও অভিনেতার চলার এই পথ মোটেও সহজ ছিল না। তবে পরিশ্রম যে কখনো বিফলে যায় না, তা বারবার নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন এ বলিউড সুপারস্টার। তাকে নিয়ে লিখেছেন মাহমুদ শাকিল।
কর্মজীবন
শাহরুখের অভিনয়ে যাত্রা শুরু হয় দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের মাধ্যমে। এরপর তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা করেন। শাহরুখ অভিনীত প্রথম বলিউড সিনেমা ছিল ‘দিল আশনা হ্যায়’। তবে সিনেমাটি প্রথমে মুক্তি পায়নি। ‘দিল আশনা হ্যায়’ চলচ্চিত্রের শুটিং আগে শেষ হলেও শাহরুখ অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘দিওয়ানা’। এটি ১৯৯২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
প্রথম ছবিতেই ‘ফিল্মফেয়ার’ পুরস্কার জিতে নেন শাহরুখ। এর পরের গল্প শুধুই এগিয়ে চলার। প্রথম ছবি দিয়েই সফলতা পেয়ে যান এই তারকা অভিনেতা। এরপর ‘রাজু বানগেয়া জেন্টলম্যান’র মতো মেলো-রোমান্টিক ধারার চলচ্চিত্র শাহরুখকে বিশেষ পরিচিতি এনে দেয়। তবে ‘কিং খান’-এর ক্যারিয়ার পুরোপুরি ঘুরে যায় ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এর পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১৯৯২ সালে রুপালি পর্দায় অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৮০টিরও বেশি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (১৯৯৫)-এর রোমান্টিক নায়কের চরিত্র থেকে শুরু করে ‘চক দে! ইন্ডিয়া’ (২০০৭)-এর হকি কোচ এবং ‘জওয়ান’ (২০২৩)-এর দুর্নীতিবিরোধী চরিত্র- প্রতিটি ভূমিকায় নতুন রূপে ধরা দিয়েছেন বলিউড ‘বাদশা’।
এ ছাড়াও ক্যারিয়ারে ‘কয়লা’, ‘পরদেশ’, ‘ইয়েস বস’, ‘দিল তো পাগল হেয়’, ‘দিল সে’, ‘কুছকুছ হোতা হেয়’, ‘বাদশাহ’, ‘মোহাব্বাতেন’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘ওম শান্তি ওম’, ‘শক্তি’, ‘চেন্নাই এক্সপ্রেস’র মতো সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের থেকে বলিউড ‘বাদশাহ’র খেতাব পান তিনি। অভিনয় জীবনে এই তারকা মোট ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।
আক্ষেপের অবসান
শাহরুখ খানের অভিনয় ক্যারিয়ারের তিন দশক পেরোনোর পর জীবনের একটি আক্ষেপও ঘুচিয়েছেন। এ বছরের সেপ্টেম্বরে ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের কারণে প্রথমবারের মতো সেরা অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাহরুখের হাতে উঠেছে। এর কারণে শুধু শাহরুখের নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার ভক্তদেরও আক্ষেপের অবসান হয়েছে।
ঘুরে দাঁড়ানো
শাহরুখের ক্যারিয়ার সবসময় এতটা মসৃণ ছিল না। মাঝে কয়েক বছর বেশ উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। এমনো সময় গেছে যে, টানা চার-পাঁচ বছর শাহরুখ খানের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। বক্স অফিসে একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন। সেখান থেকে রাজার মতোই ঘুরে দাঁড়িয়েছেন এই সুপারস্টার।
২০২৩ সালে একই বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’র মতো তিনটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। জানান দিয়েছেন যে, ‘বুড়ো’ হলেও তিনি এখনো ফুরিয়ে যাননি। এর বাইরেও চলতি বছরটায় ‘কিং খান’ আরও একাধিক আলোচিত মুহূর্তের কেন্দ্রে ছিলেন। মে মাসে মেট গালার লাল গালিচায় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে অংশ নিয়ে গড়েছেন ইতিহাস। জুনে ব্রিটিশ গায়ক এড শিরানের ‘স্যাফায়ার’ ভিডিওতে তার ক্যামিও উপস্থিতি এবং অক্টোবরে দক্ষিণ কোরিয়ান তারকা লি জং-জের সঙ্গে তোলা সেলফি নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে।
প্রজন্ম থেকে প্রজন্মের প্রিয়
শাহরুখকে নিয়ে আরও একটি কথা প্রচলিত আছে। তার ভক্তদের মাঝে নাকি একাধিক প্রজন্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই আছেন যারা শাহরুখের সিনেমা দেখে বড় হয়েছেন, এখন তাদের সন্তানরাও শাহরুখ খানের ভক্ত। এমনকি তিনি বর্তমানের জেনারেশন জেড-এর কাছেও সমানভাবে জনপ্রিয়।
জার্মান ভাষার বলিউডকেন্দ্রিক ম্যাগাজিন ইশক-এর সম্পাদক ভেরা ওয়েসেলের ভাষায়, ‘শাহরুখ এমন একজন অভিনেতা, যার মতো করে আর কোনো অভিনেতা আবেগ জাগাতে পারেন না। তার ভক্তরাও অনেক সময় বোঝাতে পারেন না, কেন তার প্রতি তাদের এমন টান।’
পারিবারিক জীবন
১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার বাবার নাম মীর তাজ মোহাম্মদ খান এবং মায়ের নাম লতিফ ফাতিমা। অভিনেতার বাবা ভারতের দিল্লির পাঠান বংশোদ্ভূত। ব্যক্তিগত জীবনে ছয় বছর প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিতে গৌরী চিব্বারকে বিয়ে করেন শাহরুখ। গৌরী পাঞ্জাবি হিন্দু ধর্মাবলম্বী। যিনি বিয়ের পর নাম পরিবর্তন করে হন গৌরী খান। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বড়পুত্র আরিয়ান খান, একমাত্র কন্যা সুহানা খান এবং ছোটপুত্র আব্রাম খান।
জন্মদিনে নতুন চমক
জন্মদিন উপলক্ষে শাহরুখ ভক্তদের জন্য এবারের বিশেষ চমক, আজ অভিনেতার ৬০তম জন্মদিনে তার বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর প্রথম টিজার প্রকাশের কথা রয়েছে। এই বয়সে এসেও বলিউড বাদশাহ যা দেখাচ্ছেন, সে কারণেই হয়তো ভেরা ওয়েসেল বলেছিলেন, ‘ট্রেন্ড আসে যায়, কিন্তু শাহরুখ খানের জনপ্রিয়তা চিরন্তন।’
/এমএস