বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। বেশকিছু দিন শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অবশেষে ছাড়া পেলেন এই কিংবদন্তি অভিনেতা। গত ৩১ অক্টোবর থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছে। এ সম্পর্কে অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘মি. ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন। আমরা গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ করছি, এই সময় তার ও পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান করতে। আমরা সবার ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য ধন্যবাদ জানাই।’’
হাসপাতালের ডা. প্রীত সামদানি এনডিটিভিকে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ধর্মেন্দ্রজিকে সকাল ৭.৩০টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার তার বাড়িতেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এর আগে ধর্মেন্দ্রর অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়লে বলিউড থেকে শুরু করে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে বেশ উদ্বেগের তৈরি হয়। এর মধ্যেই তার মৃত্যুর ভুয়ো খবর গণমাধ্যমে আসলে ভক্তরা আরও বেশি বিচলিত হয়ে পড়েন।
পরবর্তীতে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
/এমএস