ঢাকায় প্রথমবারের মতো এক মঞ্চে গাইবেন বাংলাদেশের রক সুপারস্টার নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার শিল্পী আলী আজমত। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া। ইতোমধ্যেই পাকিস্তানের আজমত আলী ঢাকায় এসেছেন। বাংলাদেশে এই কনসার্ট নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই তারকা গায়ক।
দুই দেশের দুই জনপ্রিয় তারকার সঙ্গে একই মঞ্চে আরও গাইবেন নতুন প্রজন্মের দুই সংগীতশিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তী। আজ ১৪ নভেম্বর শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ‘ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এ রাতটি ঢাকার সংগীত-ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।’ এ প্রজন্মের শিল্পী পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক হিসেবেও। এদিকে মধুবন্তী চক্রবর্তী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলেন জানান। তার শিক্ষাজীবনের ২০ বছরই কাটে শান্তিনিকেতনে।
সংগীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন শান্তিনিকেতনেই। ইতোমধ্যে তার কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। খুব শিগগির নতুন গান নিয়ে আসছেন তিনি। জেমস ও আলী আজমতের সঙ্গে একই মঞ্চে পারফর্ম প্রসঙ্গে পুনম ও মধবন্তী বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের। দুজন গুণী শিল্পীর সঙ্গে একই মঞ্চে আমরাও থাকছি। শ্রোতাদের মন জয় করার চেষ্টা করব।’
/রোদসী