বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছেন তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। ২৫ বছর বয়সী এই শিল্পী ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। নির্বাচনে আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে হারান তরুণ এই সংগীতশিল্পী।
জয়ী হওয়ার পর বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী বলেন, ‘এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাদের সেবা করব। আমি এই মুহূর্তে শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছি এবং কীভাবে সেখানে কাজ করব, সেই চিন্তা-ভাবনা করছি।’ উল্লেখ্য, নির্বাচনের অল্প সময় আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী ঠাকুর।
মূলত গত ৫ অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মৈথিলীকে নিয়ে আলোচনা তীব্র শুরু হয়। পরে বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ের সঙ্গে তার একটি ছবিও প্রকাশ্যে আসে, যা জল্পনাকে আরও উসকে দেয়। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে তাওড়ে সেই ছবি পোস্ট করে মৈথিলীকে ‘বিহার-কন্যা’ উল্লেখ করে স্বাগত জানিয়েছিলেন।
মৈথিলী ঠাকুর ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে জি টিভিতে প্রচারিত একটি গানের প্রতিযোগিতা টেলিভিশন ধারাবাহিক লিটল চ্যাম্পসে অংশ নেন তিনি। চার বছর পর সনি টিভিতে প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়রেও প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৬ সালে ‘আই জিনিয়াস ইয়ং সিঙ্গিং স্টার’ প্রতিযোগিতা জেতেন। পরে তিনি তার অ্যালবাম, ‘ইয়া রাব্বা’ (ইউনিভার্সাল মিউজিক) প্রকাশ করেন।