গ্লোবাল সুপারস্টার হিসেবে খ্যাত বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতসহ বিশ্বব্যাপী যার কোটি কোটি ভক্তকূল রয়েছে। এবার আসন্ন নতুন বছরের আগমনকে কেন্দ্র করে দুবাইয়ে দেখা যাবে শাহরুখ খানের ঝলক। খ্রিস্টীয় নতুন বছরের আগমনে দুবাই এবার ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
আর এই অনুষ্ঠানে প্রথমবারের মতো নিউ ইয়ার্স ইভ টানা আট দিন ধরে উদযাপিত হবে। এই আয়োজনকে আরও ঝলমলে করতে বলিউড কিং শাহরুখ খানের বিশেষ নির্দেশনায় সাজানো হচ্ছে বুর্জ পার্কের প্রধান অনুষ্ঠান।
নতুন বছরের উদযাপনকে কেন্দ্র করে ডাউনটাউন দুবাই সাজছে ভিজ্যুয়াল স্টেজ হিসেবে। আয়োজকরা জানায়, ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী উৎসব। অনুষ্ঠানে থাকছে লাইভ পারফরম্যান্স, আতশবাজি, লাইট শো ও গ্র্যান্ড প্যারেড।
আয়োজক মোহাম্মদ আলাব্বার বলেন, ‘নতুন বছরের এই রাতে দুবাই রূপ নেবে বিস্ময়ের শহরে। এ আয়োজন বিশ্বকে তাক লাগিয়ে দেবে, আর প্রত্যেক মুহূর্তে থাকবে অনুপ্রেরণা ও সৃষ্টিশীলতার ছাপ।’
সঙ্গে বুর্জ পার্কে বলিউড স্টাইলের বিশেষ পারফরম্যান্স এই আয়োজনটিতে নতুন আকর্ষণ যোগ করবে। বিশেষ এই আয়োজনের নেতৃত্ব দেবে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের গ্রুপ কোম্পানি।
/এমএস