অবশেষে আয়োজক সংস্থা ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ যৌথভাবে আয়োজিতব্য ‘মেইন স্টেইজ শো-২০২৫’ শীর্ষক আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে এটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, কিছু বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও অবশেষে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ নামে দেশের একটি শীর্ষস্থানীয় লাইভ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এ অনুষ্ঠানটি।
‘স্পিরিটস অব জুলাই’ জানায়, কনসার্টটি থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহিদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি গণমাধ্যমকে বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সবরকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।’
জানা গেছে, কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে আতিফ আসলামই উপস্থিত থাকছেন, পাশাপাশি ফুয়াদ এবং নেমেসিসসহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
মেহেদী/