খ্যাতিমান মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মাঝে বিশেষ দিবস কিংবা মনের মতো গল্প ও চরিত্র পেলে অভিনয় করেন এই তারকা। এই ধারাবাহিকতায় এবার বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে দেখা যাবে তাকে। নাটকটির নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হবে।
২০১২ সাল থেকে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করে আসছেন অরুণ চৌধুরী।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কীভাবে সহায়তা পেয়েছিলেন, সেটাই তুলে ধরা হয়েছে নাটকের গল্পে। এতে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় দুষ্কৃতকারীরা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে। ভয় পেয়ে যায় তিনি। কিন্তু মল্লিকা তার বাবাকে একটা দিন অপেক্ষার জন্য বলেন। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। নাটকটিতে মল্লিকা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তার বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে।
নতুন এই নাটকটি নিয়ে মৌ বলেন, ‘মুক্তিযুদ্ধের কাজ অনেক কম করা হয়েছে আমার। খুব ভালো লেগেছে এত সুন্দর একটি গল্পে অভিনয় করতে পেরে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ধারণ করতে আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি বাড়ির গল্প। গল্প অনুযায়ী পর্দায় সেই সময়ের আবহ তুলে ধরার চেষ্টা করেছি। ৮ থেকে ১০ ডিসেম্বর ঢাকার নবাবগঞ্জের একটি পুরোনো বাড়িতে নাটকটির শুটিং করেছি। দর্শকের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
এদিকে সম্প্রতি প্রথমরারের মতো মৌ অভিনয় করেছেন একটি ওয়েব ফিল্মে। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব। প্রাথমিকভাবে ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ‘গহিন অতল’। এতে এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌ। পুরো গল্প গড়ে উঠেছে তাকে ঘিরে। এটি মুক্তির অপেক্ষায় আছে। গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ খুন করেন তার মেয়ের গোপন প্রেমিককে। এই ঘটনা গোপন করার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি।
/রোদসী