‘সমুদ্র’ শিরোনামে ইমতিয়াজ শাওনের প্রথম মিউজিক ভিডিও ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে আগামী বুধবার (৩১ ডিসেম্বর)। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন শাওন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রিতা বিশ্বাস ও ইমতিয়াজ শাওন।
ভিডিও ধারণ ও এডিট করেছেন অনিক চন্দ, কনসেপ্ট শাওন ও অনিক চন্দ। আর্ট অ্যান্ড কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন সাবিহা রিঙ্কু। ভিডিওগ্রাফি অ্যান্ড এডিটিং করেছেন অনিক চন্দ। মিউজিক ভিডিওটি ইমতিয়াজ শাওনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (ইমতিয়াজ শাওন) প্রকাশিত হবে।
রংপুরের ছেলে শাওনের বাবা ছিলেন প্রকৌশলী, পাশাপাশি তিনি শখে তবলা বাজাতেন আর মা গান করতেন। এমন দৃশ্য দেখেই বড় হওয়া শাওনের গানের প্রতি টান ছোট বেলা থেকেই। পরবর্তী সময়ে গানের প্রতি ধীরে ধীরে আকর্ষণ ও কৌতুহল আরো বাড়তে থাকে তার। বিজনেস ডেভলেপমেন্ট কনসুলটেন্ট হিসেবে জীবিকার পাশাপাশি সংগীত চর্চা শাওনের ধ্যান-জ্ঞান।
শাওন জানান, মায়ের কাছেই তার সংগীতের হাতে খড়ি হয়, মা তার সংগীতের প্রথম শিক্ষক। গানের প্রতি আগ্রহ দেখে তার মা তাকে রংপুর জিলা স্কুলে ভর্তির পাশাপাশি রংপুর শিল্পকলা একাডেমীতে গানে ভর্তি করিয়ে দেন। স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবার ও বন্ধুদের অড্ডায় নিয়মিত গান গেয়ে আসছেন তিনি। শাওন প্রথম গান লেখেন ও সুর করেন ক্লাস নাইনে পড়ার সময়। ২০০২ সালে এসএসসি পাস করে ঢাকায় চলে আসেন। এর পর গান লেখায় আরও মনোযোগী হন তিনি। স্নাতক শেষে তার ভান্ডারে যোগ হয় আরও অনেক গান। কিন্তু নানা কারণে গান রেকর্ড করা না হলেও স্টেজে নিজের লেখা ও সুর করা গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন শাওন। এই গানের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে তার। এজন্য শ্রোতাদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন শাওন। সবার ভালোবাসা নিয়ে গানের ভুবনে এগিয়ে যেতে চান তিনি বহুদূর।
এ সম্পর্কে শাওন বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বাসিত আমার প্রথম মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। সবার সমর্থন ও ভালোবাসা চাই। সবার সহযোগিতা ও সমর্থন পেলে গানে আমার পথচলা আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।’