চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি পোশাক ও গহনা নিয়ে নানা মন্তব্য করে আলোচিত হয়েছেন তিনি। এবার ছোট পর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজলের বিপরীতে জুটি বাঁধতে যাচ্ছেন মিষ্টি জান্নাত। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দেখা যাবে তাদের। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় সিনেমার নাম ‘দুজনে’।
২০২৩ সালে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে নিয়ে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার শুটিং শুরু করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি এর কাজ। এর মাঝেই ‘দজনে’ সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা।
‘দুজনে’ সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা। কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানালেন, রোমান্টিক গল্পে তৈরি হবে সিনেমাটি। দেখা যাবে ভিন্ন প্রেক্ষাপটের দুই চরিত্রের অজানার পথে জার্নির গল্প।
গণমাধ্যমকে পরিচালক বলেন, ‘দুজন মানুষ বিপদে পড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। একজন পরিবার থেকে, অন্যজন পুলিশের থেকে পালিয়ে বেড়ায়। একপর্যায়ে দেখা হয় তাদের। সেখান থেকে দুজনে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশে। সেই জার্নির মধ্যে তাদের সম্পর্কের নানা দিক উঠে আসবে। রোমান্টিক গল্প হলেও এখানে কমেডিও থাকবে, যেমনটা আমার প্রতি সিনেমায় দেখা যায়।’
পরিচালক জানান, এখন চলছে প্রি-প্রোডাকশনের শেষ দিকের কাজ। কোরবানির ঈদের আগে ইমরান মাহমুদুলের গাওয়া গানের দৃশ্য ধারণ দিয়ে শুরু হবে শুটিং। ঈদ উৎসবে গানের টিজার রিলিজের মাধ্যমে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। সবকিছু ঠিক থাকলে ঈদের পর টানা শুটিং করে শেষ হবে দৃশ্য ধারণের কাজ। আগামী বছর ‘দুজনে’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে।