পোষ্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, চাকসু নির্বাচনসহ ৯ দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হলো- শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা চালু, আবাসন সমস্যা ন্যায্যতার ভিত্তিতে সমাধান করা ও অতি দ্রুত নতুন দুইটি হল নির্মাণ করা, ক্যাম্পাসে ক্রিয়াশীল সহপাঠ্যক্রমিক সংগঠনকে অফিস বরাদ্দ দেওয়া, টিএসসি নির্মাণ, দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান, গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
শিক্ষার্থীরা বলেন, প্রশাসন আমাদের দাবি নিয়ে ছলচাতুরি করছে। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও আশানুরূপ সিদ্ধান্ত নেয়নি। আমাদের দাবিগুলো যৌক্তিক। জুলাই আন্দোলনে চবির শহিদ তরুয়া, শহিদ ফরহাদের ক্যাম্পাসে কোনো ধরনের বৈষম্য চলবে না। আমাদের দাবি ছিলো ভর্তি ফি কমানো। প্রশাসন আমাদের বলেছিল এ বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত তারা ভর্তি পরীক্ষার আবেদন বন্ধ রাখার কথা থাকলেও আবেদন চালু রেখে প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করেছে।
দ্রুত সময়ের মধ্যে ৯ দফা দাবির বাস্তবায়ন না হলে প্রশাসন ভবন বন্ধ করার হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, পোষ্য কোটা চিরতরে বাতিল করতে হবে। এটা ভিক্ষাবৃত্তি ছাড়া কিছু নয়। বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলের সরকারি চাকরি। তারা সরকারি সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এমন হাজারও শিক্ষার্থী আছে যাদের বাবা নেই, অনেকে হতদরিদ্র পরিবার থেকে আসে। তারা কেন বৈষম্যের শিকার হবে? আমরা বলতে চাই আমাদের সকল যৌক্তিক দাবিসমূহ দ্রুত সময়ের মধ্যে না মেনে নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দিয়ে কঠোর আন্দোলনে যাবো।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাবিল/এমএ/