পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে পোস্টার প্রদর্শনী ও ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে কলেজে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জুলাইয়ের শহিদদের স্মরণে সচিত্র পোস্টার প্রদর্শন করেন। এসব পোস্টারে উঠে আসে ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপট ও শহিদদের আত্মত্যাগের করুণ ইতিহাস।
পরে কলেজ অডিটরিয়ামে ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ হায়দার মিঞা এবং মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল আলম মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্য শিক্ষকরা। এ ছাড়া কলেজ শাখার ছাত্র রাজনৈতিক নেতারা বক্তব্য দেন এবং রক্তাক্ত জুলাইয়ের প্রেক্ষাপটে তাদের নিজ নিজ ভূমিকা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মিলকী আমাতুল মুগনি রক্তাক্ত জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা বলেন, রক্তাক্ত জুলাই কোনো কল্পিত কল্পনা নয় এই যে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব এই শৈশব। পাশাপাশি তরুণ প্রজন্মকে এই রক্তাক্ত অধ্যায় থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কবি নজরুল সরকারি কলেজে যারা শহিদ ও আহত হয়েছে এবং যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রতি আমার মোবারকবাদ ও শুভেচ্ছা। রক্তাক্ত জুলাই আমাদের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিদুর অধ্যায়, যা আজও গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াইয়ের প্রেরণা যোগায়।
আয়োজন শেষে শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সবার জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সালমান/




