জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বগুড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
‘আমরা সবাই বগুড়াবাসী, থাকব মিলে পাশাপাশি’ স্লোগান নিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে বিদায়ী কমিটির আহ্বায়ক হাবিবুল্লাহ সৌরভ ও সদস্য সচিব মোসাদ্দির হোসেন তাদের কার্যক্রম তুলে ধরেন। এরপর নতুন কমিটির সভাপতি সুলতান মাহমুদ শুভ ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, তাদের কমিটি বগুড়ার ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে। সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ বলেন, তারা শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে কাজ করতে বদ্ধপরিকর।
দায়িত্ব হস্তান্তর পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনরা নতুন পরিবেশে পরিচিতজন খুঁজে পাওয়ার আনন্দ ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের উচ্ছ্বাস আর প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী আবরার জাহিনসহ অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বগুড়ার আঞ্চলিক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।
/আবরার জাহিন