রাজধানীর তেজগাঁওয়ে বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গার্হস্থ্য বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে এই মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ রিলিজিয়নের অধ্যাপক ড. ফাদার তপন ডি’ রোজারিও।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অমিদুর রহমান।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ‘আমি তোমাদের মতো উৎফুল্ল এবং কিছুটা কৌতুহলীও। আমরা সবাই জানি - বিজ্ঞান হলো জ্ঞান আহরণ, চর্চা, প্রাপ্তি, প্রয়োগ এবং সবার মাঝে বিতরণ। গার্হস্থ্য বিজ্ঞানও গুরুত্বপূর্ণ। অনুসন্ধান বলে, সুষম খাবারের এই বিদ্যা নারীর হাত ধরে এসেছে। গার্হস্থ্য বিজ্ঞান ও বিজ্ঞান মেলা শুধু একটি অনুষ্ঠান সেটা মোটেই নয়। এর মধ্যে দেখতে পাচ্ছি বিশাল এক কৌতুহল, দেখতে পাচ্ছি সৃজনশীলতা।’
শিক্ষা কর্মকর্তা মো. অমিদুর রহমান বলেন, ‘জাতি গঠনের হাতিয়ার শিক্ষার্থীরা। তোমরা এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আরও অগ্রসর হতে পারবে এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি সেন্ট জন ভিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ড. ফাদার লিন্টু ডি’ কস্তা বলেন, ‘কলা হলো আর্ট। এটা একটা শক্তি বা কৌশল। বাংলাদেশে বিজ্ঞান মেলা করা হয় কিন্তু এখান থেকে যে রেজাল্ট হয় তার সঠিক ব্যবহার করা দরকার। বটমলি হোম অত্যন্ত যত্নসহকারে এই আয়োজনটি করতে পেরেছে এটা অবশ্যই বিজ্ঞানের অবদান।’
অনুষ্ঠানে সভাপতি ছিলেন বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি এসএমআরএ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ‘সৃজনশীলতার মাধ্যমে নিজেকে বিকাশ করার সুযোগ করে দিচ্ছে এই বিজ্ঞান। আজকের এই বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রোজেক্ট দিয়ে শিক্ষার্থীরা সেই প্রতিভার স্বাক্ষর রাখছে। হাতে-কলমে শিখতে পারছে। বিজ্ঞান শুধু তথ্য বিশ্লেষণ করতে শেখায় না, পাশাপাশি সমস্যা সমাধানে প্রেরণা দেয়, বুদ্ধি ব্যবহার করতে শেখায়।’
অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও স্কুল পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অমিয়/