শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেড-এক্স সাস্ট (TEDxSUST) মিলনমেলা।
আগামীকাল শনিবার শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান হবে। এর থিম রাখা হয়েছে ‘SAPIEN-Ware’।
অনুষ্ঠানে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে নৈতিকতা ও ভবিষ্যতের বিষয়গুলোকে ঘিরে আলোচনার মূল কাঠামো সাজানো হয়েছে। প্রশ্ন তোলা হবে, কীভাবে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানবিক মূল্যবোধ সমানতালে এগিয়ে যেতে পারে?
আয়োজকদের ভাবনা, এই অনুষ্ঠান হয়ে উঠবে শাবিপ্রবির শিক্ষার্থী ও সিলেটের স্থানীয় মানুষের গল্প ও ভাবনার সঙ্গে বৈশ্বিক আলোচনার যোগসূত্র।
টেড-এক্স সাস্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’।
অনুষ্ঠানের অন্যতম পরিচালক শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নুর মোহাম্মদ আশিক বলেন, টেড-এক্স সাস্টের মঞ্চে উপস্থিত থাকবেন প্রযুক্তি, শিক্ষা, উদ্যোক্তা এবং সৃজনশীল অঙ্গনের খ্যাতিমান বক্তারা। এদের মধ্যে রয়েছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান (মাইক্রো/ন্যানো মেশিনিং বিশেষজ্ঞ), টনি করিম খান (আন্তর্জাতিক শেফ), আবদুর রাকিব (সিওও, প্রোগ্রামিং হিরো), সৈয়দ আলমাস কবির (সাবেক প্রেসিডেন্ট, BASIS ও সিইও, মেট্রোনেট), প্রফেসর চৌধুরী আবুল আনাম রাশেদ (আইপিই, শাবিপ্রবি), ড. মো. আল-আমিন (বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান, শাবিপ্রবি), উম্মে কুলসুম পপি (বাংলাদেশের প্রথম নারী এগ্রি-ইনফ্লুয়েন্সার), সোহাগ মিয়া- সোহাগ৩৬০ (টেক ইনফ্লুয়েন্সার ও শিক্ষাবিদ), সায়েম ফারুক (প্রতিষ্ঠাতা ও সিইও, এয়ারওয়ার্ক এআই), সাব্বির জাহাঙ্গীর (এইচআর ডিরেক্টর, পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ)। শাবিপ্রবি থেকে শিক্ষার্থী হিসেবে বক্তব্য দিবেন কে এম শরিয়ত উল্লাহ ও আবুল বাসার রাজ।
নুর মোহাম্মদ আশিক আরও বলেন, ‘টেড-এক্স সাস্ট শুধু একটি অনুষ্ঠান নয় বরং এটি হবে ভিন্নমতের মানুষের মিলনমেলা। যেখানে নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণামূলক গল্প সামনে আসবে।’