ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল শাখার নির্বাচনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বজায় ছিল। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে যান। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তবে ভোট গণনা শুরু হলে সন্ধ্যা থেকে ক্যাম্পাস এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর শোনা গেলেও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে শুধু বৈধ শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে মোতায়েন ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, বিজিবি, গোয়েন্দা পুলিশের সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ও সার্বক্ষণিক টহল কার্যক্রম দেখা যায়। এদিকে ভোটকেন্দ্রগুলোর বাইরেও পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশের গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকেও ছিলেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন দল মিছিল করে। ভিপি প্রার্থীরা নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। ভোটচুরির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা।
ক্যাম্পাসের টিএসসি, সিনেট ভবন ও মধুর ক্যানটিনের সামনে উত্তেজনা বিরাজ করলেও রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া ক্যাম্পাসের বাইরে বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
রিফাত/