জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন গেটে অবস্থান নিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সমর্থকরা।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিতে দেখা গেছে জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইনকে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে প্রধান ফটকে আসেন মাওলানা আফজাল হোসাইন। তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকেই আজকের নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন খোঁজ-খবর নিতে এসেছি।
তবে কিছুক্ষণ পরই তিনি মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন। তার নেতাকর্মীদের অনেককেই সেখানে অবস্থান করতে দেখা গেছে।
এদিকে ভোট গণনার মধ্যে রাতভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে শিবির সমর্থকরা অবস্থান নেন। বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ঘুরে দেখা যায়, ডেইরি গেটে প্রায় ২০০, প্রান্তিক গেটে প্রায় ২০০ এবং বিশমাইল গেটে শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
ডেইরি গেটে অপেক্ষারত অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এই বিশ্ববিদ্যালয়েও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই আলোড়ন তৈরি হবে। সেই উৎসাহেই আমরা এখানে ফলাফলের জন্য অপেক্ষা করছি।
একই স্থানে থাকা মাসুদুর রহমান বলেন, ছাত্রশিবির শিক্ষাঙ্গনের নেতৃত্বে এলে ভালো হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই আমরা এখানে আছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি আমি জানি না। সিকিউরিটি টিমকে জানিয়েছি, তারা বিষয়টি দেখছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট অনিয়মের অভিযোগ তুলে বিকেল ও সন্ধ্যায় শিবিরের প্যানেল বাদে বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে নতুন করে জাকসু নির্বাচনের দাবি জানিয়েছে।
আমানউল্লাহ/সুমন/