চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। গত চার দিনে চাকসু ও হল সংসদ মিলে মোট ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চাকসুর ২৮টি পদের জন্য ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদের জন্য ৬৩৪ জন প্রার্থী ফরম নেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দেন। তবে জমা দেননি ২৩৩ জন।
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু ও হল সংসদ নির্বাচনে ১০টি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আটটি প্যানেল ঘোষণা হয় শেষ দিনেই। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ছাত্রদলের একক প্যানেল
জাতীয়তাবাদী ছাত্রদল একক প্যানেল ঘোষণা করেছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ঘোষণায় ভিপি পদে রয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। জিএস পদে মনোনয়ন পেয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
শিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’
ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলটির নাম ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। এতে ভিপি পদে আছেন ইতিহাস বিভাগের ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে ইতিহাস বিভাগের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের সাজ্জাদ হোসাইন মুন্না। প্যানেলে পাঁচজন নারী শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।
বৈচিত্র্যের ঐক্য
বামপন্থি ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী ও পাহাড়ি ছাত্র পরিষদসহ ১০টি সংগঠন মিলে গঠন করেছে ‘বৈচিত্র্যের ঐক্য’। ভিপি পদে রয়েছেন ধ্রুব বড়ুয়া, জিএস পদে সুদর্শন চাকমা এবং এজিএস পদে জসদ জাকির।
ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’-এ ভিপি পদে রয়েছেন আব্দুর রহমান রবিন, জিএস পদে মোহাম্মদ আব্দুর রহমান এবং এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক নেতা, জুলাই আন্দোলনকারী ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে দিয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’। ভিপি পদে আছেন মাহফুজুর রহমান, জিএস পদে আর এম রশীদুল হক দিনার এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস।
স্বতন্ত্র শিক্ষার্থী জোট
সাংস্কৃতিক সংগঠন স্যাড (স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি) সমর্থিত এই প্যানেলে ভিপি পদে আছেন আবির বিন জাবেদ, জিএস পদে চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ ও এজিএস পদে পলাশ দে।
সার্বভৌম শিক্ষার্থী ঐক্য
অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’-তে ভিপি পদে আছেন তাওসিফ মুত্তাকি চৌধুরী, জিএস পদে সাজ্জাদ হোসেন ও এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান।
চাকসু ফর র্যাপিড চেঞ্জ
ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস যৌথভাবে দিয়েছে ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’। এতে ভিপি পদে আছেন তামজিদ উদ্দিন, জিএস পদে সাকিব মাহমুদ রুমী এবং এজিএস পদে রোমান রহমান।
অহিংস শিক্ষার্থী ঐক্য
স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে ঘোষিত এই প্যানেলে ভিপি পদে আছেন ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব ও এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ।
দ্রোহ পর্ষদ
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যৌথ প্যানেল ‘দ্রোহ পর্ষদ’-এ ভিপি পদে রয়েছেন ঋজুলক্ষ্মী অবরোধ, জিএস পদে ইয়াজউদ্দিন ইমু এবং এজিএস পদে শেখ জুনায়েদ কবির।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর, আপত্তি নিষ্পত্তি ২৪ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে দেখা যাচ্ছে নির্বাচনি আমেজ।
আরাফ/এসজি/