শিক্ষা জীবনের আলো। সেই আলো ছড়িয়ে দিতে আজও গ্রামীণ তরুণ-তরুণীরা পাড়ি জমান শহরে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের বড় শহরগুলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা সিলেট— গ্রামের শিক্ষার্থীদের কাছে এক স্বপ্নের জায়গা। কিন্তু স্বপ্নপূরণের পথ সহজ নয়। শহরে এসে তারা যেমন নতুন সুযোগ খুঁজে পান, তেমনি নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন।
প্রথম ধাক্কা: ভিন্ন পরিবেশ
গ্রামে বেড়ে ওঠা শিক্ষার্থীরা সাধারণত খোলা মাঠ, সহজ-সরল মানুষ ও একান্ত জীবনযাপনে অভ্যস্ত।
শহরে এসে তারা প্রথমেই যে ধাক্কায় পড়ে তা হলো ভিন্ন জীবনযাত্রা। ব্যস্ত সড়ক, যানজট, ভিড়, শব্দদূষণ— এসবের সঙ্গে মানিয়ে নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। একজন গ্রামীণ শিক্ষার্থীর চোখে শহর হয়তো প্রথমে রঙিন, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাকে দ্রুত শেখায়— এখানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় প্রতিমুহূর্তে।
বাসস্থানের সমস্যা
শহরে আসার পর সবচেয়ে বড় সমস্যা হলো থাকার জায়গা। হল বা মেসে জায়গা পাওয়া অনেক সময় ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে ব্যয়বহুল বাসা ভাড়া নেন। আবার কয়েকজন মিলে একটি বাড়ি ভাড়া করেন। মেস জীবনের নানা দিক রয়েছে—অপরিচিতদের সঙ্গে মানিয়ে নেওয়া, রান্না-বান্নার ঝামেলা, কিংবা নিরিবিলি পড়াশোনার জায়গার অভাব। আবার মালিক-ভাড়াটে সম্পর্কের টানাপোড়েনও তাদের মানসিক চাপ বাড়ায়।
অর্থনৈতিক সংকট
গ্রামীণ পরিবারগুলো অনেক সময় সীমিত আয়ের ওপর নির্ভরশীল। শহরে এসে পড়াশোনার পাশাপাশি থাকা-খাওয়ার খরচ জোগানো সহজ নয়। শহুরে বাজারে সবকিছুর দাম বেশি, যাতায়াত ব্যয়ও বাড়তি। ফলে অনেক শিক্ষার্থী টিউশনি করে খরচ চালান। এতে তাদের পড়াশোনার সময় কমে যায়, আবার মানসিক চাপও বাড়ে।
ভাষা ও সংস্কৃতির পার্থক্য
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা শহরে এসে ভিন্ন ভিন্ন উচ্চারণ ও আঞ্চলিক ভাষার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। শহুরে সহপাঠীরা অনেক সময় তাদের ভাষাকে নিয়ে ঠাট্টা করে, যা আত্মবিশ্বাসে আঘাত হানে। শুধু ভাষা নয়, পোশাক-আশাক ও জীবনধারাতেও পার্থক্য স্পষ্ট হয়। গ্রামের সহজ-সরল পোশাকের সঙ্গে শহরের ফ্যাশন-সংস্কৃতি মেলানো অনেক সময় শিক্ষার্থীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
শিক্ষার পরিবেশে প্রতিযোগিতা
গ্রামে ভালো ফল করলেও শহরের বিশ্ববিদ্যালয় বা কলেজে এসে প্রতিযোগিতার মাত্রা একেবারেই আলাদা। এখানে মেধাবী ও প্রস্তুত শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। অনেক সময় তারা হতাশ হয়ে পড়েন, মনে হয় নিজেদের যোগ্যতা কম। এ ছাড়া গ্রামীণ বিদ্যালয়ে আধুনিক ল্যাব, লাইব্রেরি বা প্রযুক্তির সুযোগ না থাকায় শহরের শিক্ষার্থীদের তুলনায় তারা পিছিয়ে পড়েন। সেই ঘাটতি পূরণ করতেই তাদের বেশি পরিশ্রম করতে হয়।
মানসিক চাপ ও একাকিত্ব
গ্রামের পরিবারকেন্দ্রিক জীবন থেকে হঠাৎ শহরে এসে একাকী জীবনযাপন শুরু করা সহজ নয়। পরিবারের স্নেহ ও সমর্থন থেকে দূরে থাকায় মানসিক চাপ বেড়ে যায়। অনেক সময় ঘর ছেড়ে আসার কষ্টে তারা বিষণ্ণ হয়ে পড়ে। একা থাকার এই চাপ অনেক শিক্ষার্থীকে নেতিবাচক প্রভাবেও ঠেলে দেয়—যেমন মাদকাসক্তি, ভুল বন্ধুত্ব বা পড়াশোনায় অনীহা।
সুযোগ ও সম্ভাবনার দিগন্ত
তবে শহরে আসার সবটুকু যে কেবল কষ্ট, তা নয়। এখানে শিক্ষার্থীরা পান নতুন সুযোগের হাতছানি। উন্নত শিক্ষা-প্রতিষ্ঠান, লাইব্রেরি, সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক কর্মকাণ্ড—সবকিছু তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে। দক্ষ হয়ে ওঠেন প্রযুক্তি ব্যবহারে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশে আত্মবিশ্বাস অর্জন করেন। গ্রামীণ সীমাবদ্ধতার বাইরে এসে দৃষ্টিভঙ্গি হয় বিস্তৃত।
অভিভাবক ও সমাজের করণীয়
গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা শহরে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তা একা তাদের পক্ষে সামাল দেওয়া সব সময় সম্ভব হয় না। এ জন্য পরিবারের মানসিক সমর্থন ও আর্থিক সহযোগিতা দরকার।