জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিস্তা মহাপরিকল্পনা ও এই নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে রংপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রমার সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনের পর তারা মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 'উন্নত মম শির' ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘আসো বাহে তিস্তা বাঁচাই’, ‘দাবি মোদের একটাই, তিস্তা নদীর পানি চাই’, ‘জাগো বাহে কোন্ঠে সবাই’ স্লোগান দেন।
মানববন্ধনে রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘তিস্তার সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ ওতোপ্রোতোভাবে জড়িত। উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা অনেকাংশে অস্বীকার তিস্তা নদীর সঙ্গে জড়িত। কিন্তু সেই তিস্তায় আমরা পানি পাই না। ভারত প্রায় সময়ই তিস্তা নদীর পানি আটকে রাখে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
তিনি জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী বর্ষার সময় নদীর বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া যাবে না এবং খরার সময় পানি আটকে রাখা যাবে না।
তিনি আরও জানান, তিস্তাপাড়ের মানুষের সমস্যার কথা আমরা বারবার বলেছি। কিন্তু কোনো সরকারই এর কোনো সুষ্ঠ সমাধান করে দেয়নি। সবাই নিজেদের স্বার্থ রক্ষা করে কাজ করেছে। কিন্তু এই অন্যায়, এই অবিচার আমরা আর মানবো না। আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। আমরা আশা করবো বর্তমান সরকার খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, বারবার তিস্তার পানি নিয়ে রাজনীতি হয়েছে। তিস্তার পানি যখন প্রয়োজন তখন উত্তরবঙ্গের মানুষ পানি পায়নি। এই তিস্তার পানি নিয়ে সবসময় বাংলাদেশের সঙ্গে এক ধরণের প্রতারণা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি সরকারই এসে তিস্তা পরিকল্পনা নিয়ে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো সরকারই পূরণ করেনি। আমরা ভেবেছিলাম ৫ আগস্ট পরবর্তী সরকার হয়তো দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। কিন্তু এখনো সেরকম কোনো পদক্ষেপ নজরে আসেনি। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় হতে জানাতে চাই যে, বাংলাদেশের মানুষের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আর কোনো প্রতারণা করার সুযোগ নেই। আর আশা করব, খুব দ্রুত বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
তাসনিম হক/মৌসুমী/