রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেনের বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে একটি যৌন হয়রানির অভিযোগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও একই বিভাগের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ করেছেন।
রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তরের কাছে এই অভিযোগ দেন দুই শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও যৌন নিপীড়ন সেলের সদস্যসচিব ড. ইলিয়াছ প্রামানিক।
এর আগে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ ও যৌন হয়রানির কথা উল্লেখ করেন।
অভিযোগে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করেন, খারাপ ইঙ্গিত দেওয়া, কুপ্রস্তাব এবং খারাপ আচরণের মতো একাধিক অভিযোগ আছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে একাধিকবার ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ড. শাকিবুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। আমি খোঁজ নিচ্ছি, তবে কোনো মন্তব্য লিখবেন না।’
ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার একটি অভিযোগপত্র পেয়েছি। সেখানে ২০২০-২১ সেশনের ৩১ জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। তারা অভিযুক্ত শিক্ষককে সব ধরনের ক্লাস ও পরীক্ষা থেকে বিরত থাকার জন্য বলেছেন। বিষয়টি নিয়ে আমরা বিভাগে জরুরি মিটিং করেছি। সেখানে কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে পুনরায় মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হক বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন গবেষক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন। রুমে অনেক সময় ধরে কাজ করতে হয়, একাকী অবস্থাতেও এ ধরনের অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে আজ বিভাগে মিটিং অনুষ্ঠিত হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘যে অভিযোগ এসেছে, সেটি আগামী সাত দিনের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
যৌন-নিপীড়ন সেলের সদস্যসচিব ড. ইলিয়াছ প্রামানিক বলেন, ‘একটি অভিযোগপত্র এসেছে। বিশ্ববিদ্যালয় গঠিত যৌন নিপীড়ন সেলের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজী আজম হোসেন/রিফাত/