রং, রেখা ও কল্পনার ভেতরেই নিজের পৃথিবী খুঁজে পেয়েছেন কাজী আফিয়া আনজুম অরণী। শৈশবের শখ থেকেই তার চিত্রশিল্পের পথচলা শুরু। বাবার পুরোনো আঁকা ছবি ছিল তার প্রথম অনুপ্রেরণা, আর মায়ের কাছ থেকেই পান হাতেখড়ি। ছোটবেলা থেকেই কাগজ-কলম পেলেই আঁকতেন তিনি।
অষ্টম শ্রেণিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক শিক্ষার্থীর কাছে কিছুদিন শেখার সুযোগ পেয়ে তার আগ্রহ আরও গভীর হয়। চারুকলায় পড়ার স্বপ্ন থাকলেও বাস্তবতার কারণে ভর্তি হন রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগে। তবে শিল্পচর্চা থেমে থাকেনি।
২০২০ সালের পর তিনি নিয়মিত আঁকায় মনোযোগ দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ প্রকাশ করতে শুরু করেন। ধীরে ধীরে তার কাজ জনপ্রিয়তা পায় এবং শখের চর্চা বাণিজ্যিক রূপ নেয়। পেন্সিল, পেন, জলরং ও প্যাস্টেলের পাশাপাশি এক্রেলিক রঙে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
অনলাইন ও কাস্টম অর্ডারের মাধ্যমে তার কাজ বিক্রি হলেও পড়াশোনার পাশাপাশি সময় ব্যবস্থাপনা তার বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে শিক্ষকতা করতে চান তিনি; তবে সুযোগ না পেলে চিত্রশিল্পকেই পেশা হিসেবে নেবেন। তরুণদের জন্য তার পরামর্শ—নিজের ভালো লাগা ও প্রতিভাকে গুরুত্ব দিন এবং ধৈর্য ও অনুশীলনে এগিয়ে যান।
লেখিকা: শিক্ষার্থী, রাজশাহী কলেজ