জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয়েছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনের নিচতলায় দুটি গ্যালারিতে এই প্রদর্শনীর শুরু হয়।
বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মণ, সহযোগী অধ্যাপক ড. মো. ফখর উদ্দীন, সহযোগী অধ্যাপক আল মঞ্জুর এলাহী, সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার এবং অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ প্রতি বছরের ন্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২৬ এর আয়োজন করেছে জেনে আমি খুবই আনন্দিত। নিয়মতান্ত্রিক অধ্যবসায়, শিল্পচর্চা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ দেশ ও বহির্বিশ্বে চারুশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চারুশিল্পের অগ্রগতিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ তাদের নিয়মিত চর্চার মাধ্যমে বিভাগের সুনামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে এবং বিভাগের শিক্ষার্থীরা তাদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে মেধার স্বাক্ষর রাখবে- এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ এমদাদুর রাশেদ বলেন, চারুকলা শুধু নন্দনিকতার চর্চা নয়, এটি মানুষের চেতনা, সংস্কৃতি ও সময়ের প্রতিচ্ছবি। একজন শিল্পীর বয়স এবং মানুষের বয়স একই। একজন মানুষ যা ভাবে সেটাই ফুটিয়ে তোলে কাগজে কলমে পেন্সিলে। আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, মনন ও দক্ষতার মাধ্যমে যে শিল্পকর্ম উপস্থাপন করেছে, তা নিঃসন্দেহে আমাদের শিল্প-ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তাদের চিন্তা, অনুভব ও শিল্পদৃষ্টি দর্শকদের সাথে সংলাপ সৃষ্টি করে।
চারুকলা অনুষদের দুটি গ্যালারি ঘুরে দেখা যায় প্রায় ২০০ টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। প্রদর্শনীটি ৫ মে পর্যন্ত চলবে।
মো. তাসনিম হক রাফি/এসএন