বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হিরণ গাজী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পূর্ব মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ (বৃহস্পতিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হিরণ গাজী স্থানীয় আমতলী সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দীন মৃধার সমর্থক। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দীন মৃধা বলেন, ‘বুধবার রাতে আমার কর্মীরা পূর্ব মহিষডাঙ্গায় গণসংযোগ করার সময় প্রতিদ্বন্দ্বী নয়ন মৃধার নেতৃত্বে পান্নু মৃধা, সোহাগ প্যাদাসহ সাত থেকে আটজন আমার কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে কর্মী হিরণ গাজী নিহত হন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু এসব তথ্য নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন অপু/জোবাইদা ইসলাম/অমিয়/