তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে তিনজন, গাইবান্ধায় তিনজন ও বগুড়ায় চারজন মারা গেছেন। গত সোমবার মধ্যরাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের বিশেষ প্রতিনিধি, বিভাগীয় ও জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি চালকের সহকারীকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।
ওসি মাজেদুর বলেন, একটি ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ২টার দিকে হারুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও আরিফুজ্জামান রাকিব মারা যান। আহত হন আরও দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জাহানারা বেগম ও এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুই ভাইসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইসহ তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)। তাদের মধ্যে নাহিদ শেখ ও জাহিদ শেখ সম্পর্কে দুই ভাই।
বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪
ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফহেত আলী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরতলীর বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত সাতজনকে চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন শাহ ফহেত আলী বাসের যাত্রী বগুড়া শহরের মুফিজ পাগলার মোড় এলাকার ব্যবসায়ী মাহদুদ হোসেন, যাত্রী তমাল হোসেন এবং কাভার্ডভ্যানচালক মো. হৃদয়। নিহত নারীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী খবরের কাগজকে বলেন, ‘দ্রুত গতির কারণে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পথে আসে বাসটির সঙ্গে সামনে থেকে ধাক্কা দেয়।’