দেখতে দেখতে শিশুটির বয়স হয়ে গেল ২৭ দিন। সে এখন বেশ ভালো আছে। তাকে ঘিরে তার বাবা-মাও বেশ ব্যস্ত। এরই মধ্যে হয়েছে তার আকিকা। অবশ্য আকিকায় তার নামের পরিবর্তন এসেছে।
আকিকা করার পর তার বাবা-মা তার নাম রেখেছেন ইফরাদ বিন ইবরার। বলছিলাম, দেশে কারফিউ চলাকালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া সাংবাদিক রহিম শুভ ও কনটেন্ট ক্রিয়েটর ইফতি আক্তারের প্রথম সন্তানের কথা ‘কারফিউ’র কথা। দেশজুড়ে কারফিউ চলার সময় ২২ জুলাই সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণকেন্দ্রে জন্ম নেয় শিশুটি। তাই নাম রাখা হয় কারফিউ।
শিশুটির বাবা রহিম শুভ বলেন, “গত ২২ জুলাই আমার সন্তানের জন্ম হয়েছে। সেই দিন সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও কারফিউ ছিল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না। সবার মনে ছিল আতঙ্ক। ঠিক সেই সময় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশে রওনা হই। চারদিক ফাঁকা থমথমে পরিবেশ। পথে প্রশাসনের চেকপোস্টে আমাদের থামানোও হয়।
অবশ্য রোগী দেখে ছেড়ে দেয়। এরপরে আমাদের কোলজুড়ে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান।
জন্ম নেওয়ায় সময়টি স্মরণীয় করে রাখতেই তার নানা নাম দেন ‘কারফিউ’। তবে আকিকার সময় তার নাম পরিবর্তন করা হয়েছে। তবুও অনেকেই ভালোবেসে তাকে এখনো ‘কারফিউ’ বলে ডাকেন।”
কারফিউর মা ইফতি আক্তার বলেন, ‘হরতাল, অবরোধ দেখেছি। কিন্তু কারফিউ কখনো দেখিনি।
কারফিউ কী রকম হয়, সেটা এবার প্রথম দেখলাম। বাসা থেকে যখন ক্লিনিকের উদ্দেশে রওনা দিই, তখন মনে অনেক শঙ্কা ছিল ঠিকমতো ক্লিনিকে পৌঁছাতে পারব কি না, বা কোথাও কোনো সমস্যায় পড়তে হবে কি না। মনে নানা রকম প্রশ্ন নিয়ে যখন বাসা থেকে বের হই, তখন আমাদের গাড়ি চেক করা হয় এবং আমরা নিরাপদেই ক্লিনিকে পৌঁছাতে পারি। এরপর পরই জন্ম হয় আমার ছেলের।
তখন আমার ছেলের নানা বলেন, যেহেতু দেশের পরিস্থিতি এমন, তাই এই সময়টিকে স্মরণীয় করে রাখা উচিত। আজ থেকে আমার নাতির নাম হলো ‘কারফিউ’। আর আমরাও দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। তাই ‘কারফিউ’ নামটিতে আমরা বাধা দিইনি। আমার ছেলে কারফিউর (ইফরাদ বিন ইবরার) জন্য সবাই দোয়া করবেন। সে যেন ভালো মানুষ হতে পারে।’