চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ওয়াসা মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ দাবি করছেন, শনিবার সন্ধ্যায় নগরের ওয়াসা মোড়ে একটি অফিসে অবস্থান করছিলেন তারা। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ন্ত্রিত ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিস অবরোধ করে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতি নিয়ে রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই আন্দোলনের স্বীকৃতির জন্য আমরা পথসভা করছি, মানুষের কাছে যাচ্ছি। শনিবার বিকাল ৩টায় বিপ্লব উদ্যানে আমাদের কর্মসূচি শুরু হয়ে নগরের জিইসি মোড়ে এসে শেষ হয়। এ সময় আব্দুল হান্নান মাসউদ, খান তালাত মাহমুদ রাফি, আমিসহ অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন। এর পর আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য ওয়াসা এলাকায় একটি অফিসে মিটিং করেছিলাম। এমন সময় মিজানুর রহমান ও তার নিয়ন্ত্রিত ‘ডট গ্যাং’ আমাদের অফিসে আসে এবং মাসউদকে প্রশ্ন করে ‘আপনি এখানে কর্মসূচি দিয়েছেন, আমাকে জানিয়েছেন?’ তিনি যেহেতু কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন, অনেককেই চেনেন না; তাই তাকে প্রশ্ন করেছিলেন, ‘হু আর ইউ?’ এর পরই তারা আব্দুল হান্নান মাসউদকে অবরুদ্ধ করে। একপর্যায়ে তারা হামলা ও ভাঙচুর চালায়।’
চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ শুনেছি। আমরা বিস্তারিত খবর নিচ্ছি। সমন্বয়কদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তাওফিক/