শেরপুরে অনুমোদনহীন একটি সার কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ৪০০ বস্তা নকল সার জব্দ করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেভেন কে আর বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে কোম্পানিটির মালিক রুবেল মিয়া পালিয়ে যায়।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সাপমারী এলাকার ওই নকল সার কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়। জব্দ করা সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন এম নাহিয়ান। শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম এবং সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফিসহ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম বলেন, ‘জামালপুরের এস এস কক কেয়ারের নামে ওই সারগুলোর চালানপত্র রয়েছে এবং সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের নামে কোনো চালানপত্র ও বৈধ কাগজপত্র নেই।’
সূত্র জানায়, সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘যৌথ বাহিনীর সঙ্গে আমাদের ফোর্স রয়েছে। অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শাকিল/সালমান/