নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে। যখন ১০ম শ্রেণির ছাত্রী প্রাকৃতিক কাজে ঘরের বাইরে বের হন। ওই সময় তিন যুবক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাকে অপহরণের উদ্দেশে বাড়ির পাশের ব্যাটারিতচালিত অটোরিকশায় তুলে নিতে চায়। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে অভিযুক্তরা পালিয়ে যায় কিন্তু তাদের চিহ্নিত করা হয়।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, কয়েক দিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এই তিন যুবক তাকে উত্ত্যক্ত করছিল। সামাজিকভাবে এ বিষয়ে প্রতিবাদ করার পর ক্ষিপ্ত হয়ে তারা মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করেছে।
এই ঘটনার পর লজ্জা ও অপমানে মেয়েটি ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর।
ভুক্তভোগীর পিতা জানিয়েছেন, অভিযুক্তরা এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি বলেন, ‘এটা শুধু শ্লীলতাহানি নয়, এটা আমার মেয়ের শারীরিক অবস্থা খারাপ করেছে এবং সে মানসিকভাবে ভেঙে পড়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে, আমরা তার পরিবারকে সার্বিক সহযোগিতা দিচ্ছি।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, ‘আমরা অভিযোগ গ্রহণ করেছি এবং তদন্ত করছি।’
হানিফ/তাওফিক/