চট্টগ্রাম মহানগরীতে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি মোকাবেলায় পাহাড়তলী সাগরিকা এলাকায় বাস টার্মিনাল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার (৪ মে) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্তঃজেলা বাসমালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তারা বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। চট্টগ্রাম থেকে দেশের রাজধানী ঢাকা, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট বিভাগ, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রতিদিন লক্ষাধিক যাত্রী সড়কপথে চলাচল করে। অথচ, এই বিপুল যাত্রী প্রবাহের জন্য একটি আধুনিক ও সংগঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল এখনো স্থাপিত হয়নি। এতে করে যানজট সৃষ্টি হয়, যাত্রীদের হয়রানির শিকার হতে হয়, নিরাপত্তাহীনতা ভুগতে হয়। আমাদের প্রস্তাব পাহাড়তলী এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন করা যেতে পারে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসী প্রতিদিন যে যানজটের ভোগান্তি পোহাচ্ছেন, তা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে। যানজট শুধু নাগরিক দুর্ভোগই বাড়াচ্ছে না, নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। নগরবাসীর দুর্ভোগ দূর করতে পাহাড়তলীস্থ সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করার বিষয়টি বিবেচনাধীন আছে।
তিনি বলেন, চট্টগ্রামে যত্রতত্র বাস স্টপেজ, অনিয়ন্ত্রিত পার্কিং, অপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা ও আধুনিক বাস টার্মিনালের অভাবে যানজট বাড়ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা পাহাড়তলীর সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি বিবেচনা করছি। এই টার্মিনালটি হবে আন্তর্জাতিক মানের, যেখানে থাকবে আধুনিক অবকাঠামো, যাত্রীদের বিশ্রামের জায়গা, টিকিট কাউন্টার, পার্কিং সুবিধাসহ সব ধরনের নাগরিক সেবা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দীন সোহেল, আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ।
মেহেদী/