সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে পাথর উত্তোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় ভয়ে পালাতে গিয়ে পাথরের আঘাতে সাতজন বাংলাদেশি পাথরশ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিছনাকান্দি নদীর পূর্বপাড়ে সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি পর্যটনকেন্দ্রের ওপাশের জিরো পয়েন্টে রাতে পাথর উত্তোলন করেন শ্রমিকরা। বুধবার রাতে ১৫ থেকে ২০ জন শ্রমিক বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে বারকি নৌকা নিয়ে পাথর তুলতে যান। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা বাঁশি বাজিয়ে পাথরশ্রমিকদের ধাওয়া দেন। বিজিবির বাঁশি শুনে বিএসএফও শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। শ্রমিকরা ভয়ে পালাতে গিয়ে পাথরের আঘাতে কয়েকজন আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিছনাকান্দির স্থানীয় এক বারকি শ্রমিক জানান, বিজিবির বাঁশি ও বিএসএফ ফাঁকা গুলির শব্দে আক্কাস মিয়া অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে থাকা শ্রমিকেরা তাকে উদ্ধার করে আনলে ঘণ্টা দুয়েক পর প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরে। এ সময় পালাতে গিয়ে পাথরের আঘাতে আরও অন্তত পাঁচ-ছয়জনের হাত-পা কেটে যায়।
যোগাযোগ করলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, পাথরশ্রমিকরা রাতে পাথর উত্তোলন করতে গিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিল। বিজিবি খবর পেয়ে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া করে। একই সময় বিএসএফ শ্রমিকদের ভয় দেখাতে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং একটি ফাঁকা গুলি ছোড়ে।
অমিয়/