কুমিল্লার দাউদকান্দিতে দায়িত্ব পালনরত অবস্থায় মো. রবিউল্লাহ নামে গ্রাম পুলিশের এক সদস্যকে চুরির অপবাদে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মডেল থানা পুলিশ শনিবার (২৮ জুন) তিনজনকে আটক করে।
এর আগে শুক্রবার (২৭ জুন) দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের দক্ষিণ বাশখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গ্রাম পুলিশ মো. রবিউল্লাহ ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছিলেন।
আটকরা হলের- দক্ষিণ বাশখোলা গ্রামের সাগর হোসেন, রুবেল আহমেদ ও কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রাম পুলিশ রবিউল্লাহ জুন মাসের মধ্যে শিশুদের জম্মনিবন্ধন শেষ করতে বাড়ি-বাড়ি খবর দিতে যান। সকাল সাড়ে ৭টায় খবর বলতে বলতে এক পাড়া শেষ করে অন্য পাড়ায় যান তিনি। এ সময় বখাটে সাগর, রুবেল ও কামাল এসে গ্রাম পুলিশ সদস্যকে বলেন আজাহারের বাড়িতে মোবাইল চুরি হয়েছে তুই নিয়েছিস। এ নিয়ে তার হাতের মোবাইল নিয়ে তাক বিবস্ত্র করে তল্লাশি করেন। কিন্তু তার কাছে চুরি হওয়া মোবাইল না পেয়ে তাকে বেঁধে নির্যাতন করেন। পরে তারা রবিউল্লাহকে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে দিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। পরে তার গ্রামের লোকজন শুক্রবার বিকেলে এসে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
এদিকে গ্রাম পুলিশকে হেনস্তা করার ভিডিও শুক্রবার রাতে ভাইরাল হলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর নজরে আসলে, তিনি এ ঘটনায় জড়িত তিনজককে গ্রেপ্তার করে মডেল থানা নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি জুনায়েত চৌধুরী বলেন, বিনা কারণে চুরি করার অপবাদ দিয়ে গ্রাম পুলিশকে মারধর করে তাকে সামাজিকভাবে হেয় করার অপরাধে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মডেল থানায় একটি মামলার পর আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়।
লিটন/মেহেদী/