সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে ৯৯৯-এ ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের কল দিয়ে গ্রেপ্তার হয়েছেন রিপন মিয়া (৩৩)।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর টিলাগড় সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে মহানগর পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, সোমবার সকালে রিপন ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, সিলেট নগরীর টিলাগড় এলাকায় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। রিপনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আশেপাশে অনুসন্ধান চালিয়ে একটি গ্যারেজের সামনে সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে খুঁজে পায়। অভিযোগকারী রিপন জুনেদকে দেখে আক্রমণ করে ও মারধর শুরু করলে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে উভয়কে থানায় নিয়ে আসেন।
অভিযোগকারী রিপন থানায় এসে জুনেদ মিয়া, আফজল এবং আরও দুই-তিনজনের বিরুদ্ধে লিখিত ছিনতাইয়ের অভিযোগ করেন। তবে অভিযোগকারী রিপন মিয়ার বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে জানা যায়, রিপন ও আফজল ওই স্থানে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এবং পাওনা টাকা নিয়ে হাতাহাতির একপর্যায়ে উক্ত স্থানের সিকিউরিটি গার্ড জুনেদ তাদের সেখান থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে রিপন ৯৯৯-এ মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন, কোনো ছিনতাই হয়নি এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই তিনি এ অভিযোগ করেন।
গ্রেপ্তার রিপন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের বাসিন্দা। তিনি নগরীর উত্তর জাহানপুর এলাকায় বসবাস করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ নিশ্চিত হয়, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছিল। যার ফলস্বরূপ, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রিপন মিয়াকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিফাত/অমিয়/