চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী 'সৈকত এক্সপ্রেস' ট্রেনে একটি বন্যহাতি আক্রমণ করে ধাক্কা দিয়েছে। ঘটনার পরপরই হাতিটি অভয়ারণ্যে ফিরে গেছে। তাই হাতিটি আহত হয়েছে কিনা জানা যায়নি।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী 'সৈকত এক্সপ্রেস' ট্রেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পৌঁছলে রেললাইনের দুই পাশে থাকা ব্যারিয়ার ভেতর থাকা একটি বন্যহাতি চলন্ত ট্রেনে একাধিকবার ধাক্কা দেয়। তবে বন্যহাতিটি আহত হয়েছে কিনা জানা যায়নি। এ ছাড়াও ওই সময় রেললাইনে একাধিক হাতিকে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
রিদওয়ান সাইমুন নামে ট্রেনের এক যাত্রী জানান, ট্রেনটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার এলিফ্যান্ট ওভারপাস অতিক্রম করার আগে এ ঘটনা ঘটে। সামনেও অনেকগুলো বন্যহাতি দেখতে পেয়ে লোকোমাস্টার ট্রেন একেবারে থামিয়ে দেন। ওই সময় ট্রেনে ধাক্কা দেওয়া হাতিটি রেলপথ থেকে অনেক দূরে ছিল। তখন ট্রেনের যাত্রীরা বন্যহাতি দেখে চেঁচামেচি শুরু করেন। যার ফলে বন্যহাতিটি ট্রেনের কাছে এসে ট্রেনে ধাক্কা দিতে থাকে। পরে ট্রেন ধীরগতিতে চলে ঘটনাস্থল ত্যাগ করে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন, অভয়ারণ্য রেঞ্জ অফিসের উত্তর পাশে রেললাইনের উভয় পাশে থাকা ব্যারিয়ারের ভেতর হাতির পায়ের ছাপ দেখা গেছে। সেখানে ট্রেনের সঙ্গে বন্যহাতির ধাক্কার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওভারপাস অতিক্রম করার আগে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা রেললাইনের আশেপাশে বন্যহাতির পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া যাবে।
আরিফুল/মেহেদী/