৫ আগস্ট সারা দেশে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ, রাঙামাটি, ঠাকুরগাঁও, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে বিজয় র্যালি এবং সমাবেশ করে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
গোপালগঞ্জ: গতকাল দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে একটি র্যালি বের করেন বিএনপির নেতা-কর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ জেলা বিএনপির সব ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের, সদস্য ডা. কে এম বাবর, তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা প্রমুখ।
রাঙামাটি: দিবসটি উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা বিএনপি একটি বিশাল র্যালি বের করে। যেটা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে যুক্ত হয়। সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন যাতে পেছাতে না পারে, এ জন্য বিএনপির অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীর সজাগ থাকবে হবে। যেকোনো আন্দোলনে নেতা-কর্মীদের রাজপথে থাকতে হবে।
ঠাকুরগাঁও: ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’ স্লোগানে জেলায় তিন কিলোমিটার দীর্ঘ বিজয় র্যালি করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা উপস্থিত হন বিএনপি কার্যালয়ের সামনে। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা।
ঝিনাইদহ: দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। আমাদের এ স্বাধীনতা ধরে রাখতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ: গতকাল বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের হয়। এতে অংশ নেন বিএনপি নেতা কামরুল আরেফিন বুলু, নূরুল ইসলাম সেন্টু, মাসউদা আফরোজা হক শুচিসহ আরও অনেকে।
র্তি উপলক্ষে কুড়িগ্রামে বিএনপি’র বিজয় র্যালি।