কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিপন্থি এলাকাবাসীদের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, আমার ওপর অর্পিত ক্ষমতাবলে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং তৎসংলগ্ন এলাকায় আজ ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করলাম।
উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সব প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।
এদিকে রাতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছিল হাটহাজারীতে। আঞ্চলিক মহাসড়কে যোগাযোগ বন্ধ ছিল। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের হাটহাজারী সদরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিপন্থি এলাকাবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেহেদী/